সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত, আহত ২

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিয়ন্ত্রণ হারানো লোকাল বাসের ধাক্কায় দুর্ঘটনা; নিহত মাইশা ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
টুইট প্রতিবেদক: সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, আহত ২, চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লোকাল বাসের ধাক্কায় মাইশা মুশফিরাত নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার আরও দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে।
নিহত মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ৮ নম্বরের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশার মৃত্যু হয়। আহত অপর দুই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইভা জানান, দুর্ঘটনার শিকার তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সকালে ক্যাম্পাসে আসছিলেন। পথে ৮ নম্বরের লোকাল বাসের ধাক্কায় তারা দুর্ঘটনার শিকার হন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আহত ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।






