বাংলাদেশে আর বিনিয়োগ করবেন না সালমান মুক্তাদির

স্টুডিও ভাঙার ঘটনার পর দেশে ব্যবসা ও কাজের ভবিষ্যৎ পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন এই কনটেন্ট ক্রিয়েটর।
টুইট ডেস্ক:বাংলাদেশে আর বিনিয়োগ করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। স্টুডিও ভাঙার ঘটনার পর দেশে আর স্টুডিও পরিচালনা কিংবা নতুন করে কোনো বিনিয়োগের পরিকল্পনা নেই তার।
সোমবার (২ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, সাম্প্রতিক সংকট, স্টুডিও ভাঙার ঘটনা এবং দেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’-এর বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা জানান সালমান।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের প্রতি কোনো বার্তা আছে কি না, জানতে চাইলে সালমান বলেন, সরকারকে কিছু বলার মতো সুযোগ এখনো তাকে দেওয়া হয়নি। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার পাশাপাশি আন্তরিকভাবে প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাননি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। সালমানের ভাষ্য, এ বিষয়ে যাদের কথা বলা উচিত, তারা কথা বললেই ভালো। সাধারণ নাগরিক হিসেবে মানুষ কেবল পরিস্থিতির অভিজ্ঞতা নিতে পারে। নিজেরা কিছু বললেই যে বাস্তবতায় পরিবর্তন আসবে, তেমনটা মনে করেন না তিনি।
ব্যক্তিগত জীবন ও পরিবার নিয়ে কঠিন সময় পার করছেন বলেও জানান এই কনটেন্ট ক্রিয়েটর। স্ত্রী-সন্তানকে নিয়ে বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এতে তার কষ্ট ও ক্ষতি হয়েছে। তবে এসব নিয়ে বসে থেকে দুঃখ প্রকাশ করতে চান না। বরং প্রতিকূলতা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
তাকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও সাম্প্রতিক ঘটনাগুলো প্রসঙ্গে সালমান বলেন, অভিযোগকারীরা সবাই মিলে তার সঙ্গে সরাসরি কথা বললে বিষয়টি সমাধানের সুযোগ তৈরি হতে পারত। কিন্তু প্রমাণ ছাড়াই অভিযোগ ছড়িয়ে দেওয়ায় ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ ধরনের ঘটনায় দায়িত্বশীলতার ওপরও গুরুত্ব দেন সালমান। তার মতে, অভিযোগের কারণে অনেক মানুষের সুনাম ও পেশাগত জীবন ধ্বংস হয়ে যেতে পারে। তাই কোনো ঘটনা ছড়িয়ে দেওয়ার আগে সবারই দায়িত্বশীল আচরণ করা উচিত।
স্টুডিও ভাঙার ঘটনার পর দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা এবং বাংলাদেশে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সালমান বলেন, দেশে থাকার পরিকল্পনা তার কখনোই ছিল না। স্টুডিও ভাঙার ঘটনার পর বাংলাদেশে আর স্টুডিও পরিচালনা করবেন না বলেও জানিয়েছিলেন তিনি।
সরাসরি নিজের অবস্থান তুলে ধরে সালমান মুক্তাদির বলেন, ‘আমি বাংলাদেশে আর বিনিয়োগ করব না।’






