শাহরুখের ‘কিং’-এ এড শিরান ও দুই বাঙালির চমক

জন্মদিনে প্রকাশ্যে ‘তু মিল জায়ে’, শাহরুখ-দীপার রসায়নে মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিনে ভক্তদের জন্য এলো বিশেষ চমক। তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’ প্রকাশ পেয়েছে। গানটিতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন বিশ্বখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান এবং দুই বাঙালি শিল্পী অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। তিন তারকার সম্মিলিত কণ্ঠে গানটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত ১২টায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি প্রকাশ করেন শাহরুখ খান। এতে তাঁর বিপরীতে দেখা গেছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।

গানটির দৃশ্যায়নে শাহরুখ ও দীপিকার প্রেমময় মুহূর্তের পাশাপাশি রয়েছে রোমাঞ্চকর মারামারি ও গোলাগুলির দৃশ্য। গানের শেষ দিকে শাহরুখের একটি সংলাপও দর্শকদের নজর কেড়েছে। সেখানে হৃদয়ে জ্বলে ওঠা আগুনের সঙ্গে পৃথিবী পুড়িয়ে দেওয়ার ইঙ্গিত দিতে দেখা যায় তাঁকে।

গান প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ ভালোবাসা ও লড়াইয়ের বার্তা দিয়ে আগামী ডিসেম্বরে নতুন চমকের ইঙ্গিত দেন।

এদিকে গানটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শাহরুখ ও দীপিকার পর্দার রসায়নের প্রশংসা করেছেন অনেকে। তবে কিছু দর্শকের মতে, গানটির দৃশ্যায়নে শাহরুখের আগের দুই সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর প্রভাব রয়েছে।

বিশেষ করে এড শিরান, অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচীর একসঙ্গে গান গাওয়ার বিষয়টি সংগীতপ্রেমীদের বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

উল্লেখ্য, অরিজিৎ সিং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সন্তান। অন্যদিকে মধুবন্তী বাগচীর বাড়ি পশ্চিমবঙ্গের বালুরঘাটে। বাংলাদেশের ‘কোক স্টুডিও বাংলা’য় গান গেয়েও পরিচিতি পেয়েছেন মধুবন্তী।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ ও দীপিকা ষষ্ঠবারের মতো একসঙ্গে অভিনয় করছেন। এতে আরও রয়েছেন অভিষেক বচ্চন, সুহানা খান, রানি মুখার্জি, রাঘব জুয়াল, আরশাদ ওয়ারসি এবং জয়দীপ আহলাওয়াত।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল আলোচিত সিনেমা ‘কিং’।