সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে উদ্যোগ সরকারের

নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের হাতে সহায়তার চেক তুলে দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টুইট ডেস্ক : সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত বাংলাদেশিদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মো. শাহেদ আহম্মেদের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি জানান, নিহত শাহেদ আহম্মেদের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। এ সময় পরিবারের সদস্যদের হাতে সরকারি সহায়তার চেক তুলে দেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম আরও জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত ১১ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে সরকার।

এদিকে সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ঘটনায় মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপিও চেয়েছে বাংলাদেশ সরকার, যাতে ঘটনার প্রকৃত বিবরণ ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করা যায়।