সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান; শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানান সমবেদনা
টুইট ডেস্ক: সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী আলহাজ মো. আব্দুল হাইয়ের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
জানাজা শেষে প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় মন্ত্রিসভার সদস্য, বিএনপিদলীয় সংসদ সদস্য, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আব্দুল হাই মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।






