অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

টুইট ডেস্ক : অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি দেশটির এডিথ কওয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের ইন্ডিয়ান ওশেন ড্রাইভ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঐশির মৃত্যুর তথ্য জানায়। একই সঙ্গে তাঁর আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানায় হাইকমিশন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় একটি দ্রুতগতির ধূসর বিএমডব্লিউ সেডানের সামনের আসনে বসা ছিলেন ঐশি। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে গাড়িতে থাকা অন্য তিন যাত্রী প্রাণে বেঁচে যান।






