সুনামগঞ্জে আপত্তির মুখে মেয়েদের ফুটবল স্থগিত

আপত্তির মুখে মেয়েদের ফুটবল স্থগিত
সুনামগঞ্জের দিরাইয়ে একটি পক্ষের ‘অশ্লীলতার’ অভিযোগ; সমঝোতা ছাড়া খেলা না করার পরামর্শ প্রশাসনের

টুইট প্রতিবেদক: সুনামগঞ্জের দিরাই উপজেলা স্টেডিয়ামে একটি পক্ষের আপত্তির মুখে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। আজ সোমবার বিকেলে স্বপ্নচূড়া ক্রীড়া সংঘ ও সিলেটের জারা ক্রীড়া সংঘের মেয়েদের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আয়োজক স্বপ্নচূড়া ক্রীড়া সংঘের সভাপতি ও কোচ রাকিব আহমেদ ভূঁইয়া জানান, বিকেল সাড়ে চারটায় ম্যাচটি হওয়ার কথা ছিল। প্রায় পাঁচ দিন আগে তিনি উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। সিলেটের দলটির কর্মকর্তা ও খেলোয়াড়েরা গতকাল রোববার দিরাইয়ে পৌঁছান।

তবে গতকাল রাতে আয়োজকেরা জানতে পারেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের দাবি জানিয়েছেন। পরে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেন।

অভিযোগকারীদের একজন শরিফ উদ্দিন দাবি করেন, তাঁরা খেলাধুলার বিরোধী নন; তবে মেয়েদের ফুটবল ম্যাচের নামে ‘অশ্লীলতা’ হতে পারে—এমন আশঙ্কা থেকে তাঁরা আপত্তি জানিয়েছেন। তিনি নিজেকে ‘দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র সভাপতি হিসেবে পরিচয় দেন।

শরিফ উদ্দিনের ভাষ্য, তাঁরা প্রথমে শুনেছিলেন কিশোরীরা ফুটবল খেলবে। পরে প্রচারে ‘মহিলাদের ফুটবল খেলা’ বলা হচ্ছে জানতে পেরে তাঁরা আপত্তি জানান। তাঁর দাবি, দিরাইয়ে আগে এভাবে মেয়েদের ফুটবল খেলা হয়নি।

তবে আয়োজক রাকিব আহমেদ ভূঁইয়া জানান, স্বপ্নচূড়া ক্রীড়া সংঘ ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় কিশোরীদের নিয়ে ফুটবল কার্যক্রম চালিয়ে আসছে। ওই বছর দেশের সাতটি জেলার মেয়েদের সাতটি দল দিরাইয়ে এসে খেলেছিল। স্বপ্নচূড়ার মেয়েরাও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গিয়ে খেলেছে এবং বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, কয়েক দিন আগে আয়োজকের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছিল, মাঠে কিশোরীদের ফুটবল খেলা হবে। পরে একটি পক্ষ নারীদের ফুটবল ম্যাচের বিরোধিতা করে। দুই পক্ষই স্থানীয় হওয়ায় আলোচনা করে সমঝোতার মাধ্যমে খেলার আয়োজন করতে বলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত আয়োজকেরাই ম্যাচটি স্থগিত করেছেন।

আয়োজকের দাবি, বিষয়টি নিয়ে তাঁরা পুলিশের সঙ্গেও যোগাযোগ করেন। পরে পুলিশের পক্ষ থেকে খেলা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হলে তাঁরা ম্যাচটি বাতিল করেন।

মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ নিয়ে স্থানীয় পর্যায়ে এমন আপত্তি নতুন করে প্রশ্ন তুলেছে,ক্রীড়া আয়োজনের ক্ষেত্রে প্রশাসনিক অনুমোদন ও নিরাপত্তার পাশাপাশি সামাজিক মতবিরোধ কীভাবে সামাল দেওয়া হবে। দিরাইয়ের এই ম্যাচ স্থগিতের ঘটনায় আয়োজকেরা যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনি স্থানীয় পর্যায়ে মেয়েদের ক্রীড়া কার্যক্রমের পরিবেশ নিয়েও আলোচনা তৈরি হয়েছে।