আর্জেন্টিনার জার্সিতে নিকো পাজের অনন্য শুরু

মেসির বিদায়ের আগে জাতীয় দলে টানা ১২ জয়, ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় এই তরুণ।

টুইট প্রতিবেদক: লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কে পরবেন,এ প্রশ্নে এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে নিকো পাজের নাম। বলিভিয়ার বিপক্ষে ৪–০ গোলের জয়ে দারুণ পারফরম্যান্সের পর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচে পাজের পা থেকে এসেছে দৃষ্টিনন্দন একটি গোল। পাশাপাশি তাঁর তৈরি করা সুযোগ থেকেও গোল পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি পোস্টের মন্তব্যে মার্তিনেজ লিখেছেন, ‘নতুন ১০ নম্বর?’ তাঁর এই প্রশ্ন মেসির উত্তরসূরি নিয়ে চলমান আলোচনাকে আরও জোরালো করেছে।

তবে ১০ নম্বর জার্সি নিয়ে এখনই আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। আগামী বুধবার বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর মেসি জাতীয় দলের জার্সি আনুষ্ঠানিকভাবে তুলে রাখলে বিষয়টি আরও স্পষ্ট হতে পারে।

২০২৪ সালের অক্টোবরে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় পাজের। এরপর জাতীয় দলের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন তিনি এবং প্রতিটিতেই জিতেছে আর্জেন্টিনা। অভিষেকের পর জাতীয় দলের হয়ে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এখন এই তরুণের দখলে।

আর্জেন্টিনাভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির জাতীয় দলের হয়ে খেলা এক হাজার চার শতাধিক ফুটবলারের মধ্যে অভিষেকের পর টানা ম্যাচ জয়ের হিসাবে সবার ওপরে উঠে এসেছেন পাজ।

মজার বিষয়, পাজের এই জয়যাত্রার শুরু হয়েছিল বলিভিয়ার বিপক্ষেই। ২০২৪ সালের ১৫ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে আর্জেন্টিনা ৬–০ গোলে জিতেছিল। এরপর একের পর এক জয় তুলে নিয়ে তিনি পেছনে ফেলেছেন গ্যাব্রিয়েল মেরকাদোর রেকর্ড।

জাতীয় দলে অভিষেকের পর মেরকাদো প্রথম নয়টি ম্যাচে জয় পেয়েছিলেন। আর প্রথম আট ম্যাচ জিতে তাঁর পরের অবস্থানে ছিলেন হোসে ম্যানুয়েল লোপেজ। বলিভিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষ গোলটিও করেন লোপেজ।

এর আগে আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের পর টানা প্রথম সাত ম্যাচ জয়ের কীর্তি গড়েছিলেন নাতালিও পেসকিয়া, ফেদেরিকো ভাইরো, মারিও বোলাত্তি ও আলেহান্দ্রো গারনাচো।

মেসির যুগ শেষ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আর্জেন্টিনা এখন নতুন প্রজন্মের দিকে তাকিয়ে। সেই নতুন প্রজন্মে পাজের পারফরম্যান্স, ধারাবাহিক জয় এবং আক্রমণভাগে সৃষ্টিশীলতার কারণে তাঁর নামটি ক্রমেই সামনে আসছে। তবে মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সির দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে যাবে, সেই সিদ্ধান্ত আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষেরই।