রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের জমকালো শুরু

১০ দেশের শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে অনূর্ধ্ব-১৮ আসর, বাংলাদেশের তরুণদের সামনে আন্তর্জাতিক অভিজ্ঞতার সুযোগ
টুইট প্রতিবেদক: রাজশাহীতে শুরু হয়েছে ৩১তম রাজশাহী আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। সোমবার সকাল ৯টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে ছয় দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এবারের আসরে বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক তরুণ খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চীনা তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা অংশ নিচ্ছেন। ৫ থেকে ১০ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার আয়োজন মর্যাদার বিষয়। এ ধরনের আয়োজন তরুণ খেলোয়াড়দের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা তৈরি করে বলেও তিনি উল্লেখ করেন।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান বলেন, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশি-বিদেশি খেলোয়াড়দের যেকোনো প্রয়োজন ও সমস্যায় সিটি করপোরেশন পাশে থাকবে।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন বলেন, রাজশাহী টেনিস কমপ্লেক্স দীর্ঘদিন ধরে সফলভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বিদেশি খেলোয়াড়দের বিপক্ষে সরাসরি খেলার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের নিজেদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক টেনিস ফেডারেশন অনুমোদিত ভারতের সাদা ব্যাজধারী রেফারি জয় মুখার্জি প্রায় এক দশক ধরে এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত। এবারও তিনি রেফারির দায়িত্ব পালন করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে কেক কেটে তাঁকে অভিনন্দন জানানো হয়।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক এই জুনিয়র প্রতিযোগিতা তরুণ খেলোয়াড়দের জন্য বড় সুযোগ। বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তাঁরা আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় বালক ও বালিকা এককে ৩২ জন করে এবং দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে। বালক এককে থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল এবং বালিকা এককে ভারতের শেখ শাজফা শীর্ষস্থানীয় খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন।
এবারের প্রতিযোগিতায় রাজশাহীর পাঁচজন খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী মূল পর্বে খেলবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. এরশাদ আলী, রাজশাহী টেনিস কমপ্লেক্সের আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. ফয়জুল কবির, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ আশিক সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, খেলোয়াড়, প্রশিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
রাজশাহীতে দীর্ঘদিন ধরে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতা দেশের তরুণ টেনিস খেলোয়াড়দের জন্য বিদেশি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সরাসরি লড়াইয়ের সুযোগ তৈরি করছে। ফলে প্রতিযোগিতাটি শুধু একটি আন্তর্জাতিক আয়োজন নয়, বাংলাদেশের জুনিয়র টেনিসের ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।






