তায়কোয়ান্দোকে বিশ্বমঞ্চে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: বিজিবি মহাপরিচালক

এশিয়ান গেমসে অংশগ্রহণ ও পদক অর্জনের লক্ষ্য: বিজিবি মহাপরিচালক
টুইট ডেস্ক: দক্ষিণ এশিয়া পেরিয়ে বাংলাদেশের তায়কোয়ান্দোকে এশিয়া ও বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
তিনি বলেন, আন্তর্জাতিক বড় আসর থেকে পদক অর্জনের সক্ষমতা তৈরি করাই লক্ষ্য। ভবিষ্যতে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি পদক অর্জনের উপযোগী প্রস্তুতি নেওয়া হবে।
শুক্রবার (২ অক্টোবর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে ৩৫টি ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থার প্রায় ৮০০ প্রতিযোগী অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার এবং কোচেস কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন বিজিবি মহাপরিচালক। পুরুষ বিভাগে মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাব চ্যাম্পিয়ন এবং বনানী তায়কোয়ান্দো ক্লাব রানার-আপ হয়। নারী বিভাগে ধানমন্ডি-৬ তায়কোয়ান্দো ক্লাব চ্যাম্পিয়ন ও ডায়নামিক ক্লাব রানার-আপ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খান। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
তায়কোয়ান্দোর উন্নয়নে দক্ষ প্রশিক্ষক তৈরি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং দেশব্যাপী খেলাটির বিস্তারের ওপর গুরুত্ব দেন বিজিবি মহাপরিচালক।
তিনি জানান, নেপাল ও থাইল্যান্ড থেকে প্রশিক্ষক আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিজিবি পরিচালিত ২৭টি স্কুল-কলেজে ধাপে ধাপে তায়কোয়ান্দো চালুর পরিকল্পনা রয়েছে।
ইতোমধ্যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বিজিবি পরিচালিত চিলড্রেনস ক্লাবে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করা গেলে বাংলাদেশের তায়কোয়ান্দো আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।






