আমার কুমিল্লা অ্যাপ চালু

নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু,ছবি ও বিবরণসহ নাগরিক সমস্যা জানানো যাবে, দ্রুত সমাধানের আশ্বাস সিটি করপোরেশনের।

টুইট প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশনের নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত করতে ‘আমার কুমিল্লা’ নামের একটি নতুন মুঠোফোনভিত্তিক সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে নগরবাসী ঘরে বসেই বিভিন্ন নাগরিক সমস্যা ও অভিযোগ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানাতে পারবেন।

সোমবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং সচেতন নাগরিক কমিটি, কুমিল্লার সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সিটি করপোরেশন জানিয়েছে, নির্দিষ্ট দ্রুত প্রতিক্রিয়া সংকেত স্ক্যান করে নগরবাসী সহজেই ‘আমার কুমিল্লা’ সেবা মুঠোফোনে সংযোজন করতে পারবেন। এরপর নগরের বিভিন্ন নাগরিক সমস্যা ছবি ও বিবরণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যাবে।

সড়কবাতি বন্ধ থাকা, বর্জ্য ব্যবস্থাপনায় সমস্যা, নালা-নর্দমার অবস্থা, সড়ক সংস্কারসহ বিভিন্ন নাগরিক ভোগান্তির তথ্য এই সেবার মাধ্যমে জানানো যাবে। অভিযোগ নিবন্ধিত হওয়ার পর তা সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, মুঠোফোনভিত্তিক এ সেবার মাধ্যমে নাগরিকদের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কোনো সমস্যা সমাধানের নির্দেশ পাওয়ার পরও কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার পরিচয় দিলে তাঁর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

নতুন এ উদ্যোগের ফলে নাগরিকদের সরাসরি কার্যালয়ে গিয়ে অভিযোগ জানানোর প্রয়োজন কমবে। একই সঙ্গে অভিযোগ গ্রহণ, সংশ্লিষ্ট বিভাগে পাঠানো এবং সমস্যা সমাধানের প্রক্রিয়ায় জবাবদিহি বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছে সিটি করপোরেশন।