নোবিপ্রবির বাসে হামলা, গ্রেফতার ২

নোবিপ্রবির বাসে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২
চালক ও কর্মচারীকে মারধর, বাসের কাচ ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ; তদন্তের পর আইনগত ব্যবস্থা
টুইট প্রতিবেদক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘গোমতী’ বাসের চালক ও কর্মচারীকে মারধর, বাসের কাচ ভাঙচুর, নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে নোয়াখালীর সুধারাম মডেল থানার সোনাপুর শূন্য পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার সরকারি বাসচালক দিলীপ রবি দাস বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নোবিপ্রবির পরিবহন শাখার নোয়াখালী-স-১১-০০০৯ নম্বর ‘গোমতী’ বাসটি চালিয়ে শিক্ষার্থী আনার উদ্দেশ্যে কবিরহাটের দিকে যাচ্ছিলেন দিলীপ রবি দাস। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবহন শাখার কর্মচারী মো. আলাউদ্দিন।
সোনাপুর শূন্য পয়েন্টে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির সঙ্গে আলাউদ্দিনের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে তারা তাকে মারধর করেন। অভিযোগ অনুযায়ী, তাদের একজন হেলমেট দিয়ে আঘাত করলে তা প্রতিহত করতে গিয়ে আলাউদ্দিনের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে রক্তাক্ত জখম হয়।
পরে অভিযুক্তরা বাসে উঠে চালক দিলীপ রবি দাসকে টেনে-হিঁচড়ে নিচে নামিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় মোটরসাইকেলের চাবি দিয়ে তার মুখের বাঁ পাশে আঘাত করা হয়। এতে তিনি আহত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা দিলীপ রবি দাসের পকেটে থাকা ২০ হাজার টাকা নিয়ে যান। পরে তাদের হাত থেকে রক্ষা পেতে চালক ও কর্মচারী বাসের ভেতরে উঠে দরজা বন্ধ করে দেন।
তখন অভিযুক্তরা হাত ও হেলমেট দিয়ে বাসের দরজায় আঘাত করতে থাকলে একটি কাচ ভেঙে যায়। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় অভিযুক্তরা চালক ও কর্মচারীর ছবি মুঠোফোনে ধারণ করে রাস্তায় তাদের পেলে ক্ষতি ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে। বাসে আঘাত করার সময় অভিযুক্তদের একজনের হাতেও জখম হয় বলে মামলার অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার পর সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, সরকারি দায়িত্ব পালনে বাধা, মারধর ও জখমের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন চালক দিলীপ রবি দাস। প্রথমে অভিযোগে অভিযুক্ত দুজনকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়।
দিলীপ রবি দাস বলেন, শূন্য পয়েন্ট এলাকায় একটি মোটরসাইকেল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই ব্যক্তি তার সহকারীকে মারধর করেন। বিষয়টি থামাতে গেলে তাকেও মারধর ও চাবি দিয়ে আঘাত করা হয়। পরে তারা বাসে উঠে দরজা বন্ধ করলে হামলাকারীরা দরজায় আঘাত করে একটি কাচ ভেঙে দেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বাসচালকের অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চালককে বাদী করে মামলা করা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং পুলিশও দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ, হামলায় কারা জড়িত এবং অভিযোগের অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।






