ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির আ.লীগ-সংশ্লিষ্টতার তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভাইরাল ঘটনার পর তদন্ত ও ফরেনসিক পরীক্ষা; মামলা ও বিভাগীয় কার্যক্রমও চলমান।
টুইট প্রতিবেদক: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্ত, বিভাগীয় কার্যক্রম ও আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি ভাইরাল হওয়া ঘটনাকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত করা হয়েছে। এ ঘটনায় তার ফরেনসিক পরীক্ষাও হয়েছে। এক বা একাধিক সংস্থা তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সাবেক ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রমও চলমান। অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলাতেও তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি ঢাকা মহানগরের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি এবং বিশেষ করে শাহ আলী থানার ওসি প্রত্যাহারের প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চান, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে শুধু বদলি করাই সমস্যার সমাধান কি না।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে শুধু বদলি করাই শেষ পদক্ষেপ নয়। কোনো কর্মকর্তা
রাষ্ট্রদ্রোহিতা বা অন্য কোনো ফৌজদারি অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত মামলায় আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
এর ফলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অপরাধমূলক কর্মকাণ্ড বা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি তদন্ত ও প্রচলিত আইনে বিচারিক প্রক্রিয়াকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে উঠে এসেছে।






