রাজশাহীতে ডেঙ্গুতে পাঁচদিনে ৩ জনের মৃত্যু

রামেক হাসপাতালে নতুন ভর্তি ১৩০, চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১০৭ জন
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত পাঁচ দিনে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। চলতি বছরের জুলাইয়ে ডেঙ্গুর প্রকোপ শুরুর পর এ পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদের তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর হাসপাতালে নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। ওইদিন চিকিৎসা শেষে ১২ জনকে ছাড়পত্র দেওয়া হয়। একই দিন ডেঙ্গু আক্রান্ত মো. আনোয়ার মন্ডল (৫২) মারা যান। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। এর আগের দিন রাতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
পরদিন ২০ সেপ্টেম্বর হাসপাতালে আরও ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। ওইদিন ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। একই দিন ডেঙ্গু আক্রান্ত ১৬ বছর বয়সী সাথী রাণীর মৃত্যু হয়। তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। ১৯ সেপ্টেম্বর দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে ডেঙ্গু রোগীর ভর্তি ও মৃত্যুর পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে বর্তমানে শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।






