বান্দরবানে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
স্টাফ রিপোর্টার : ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি—সুস্থ, সবল ও সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বান্দরবানে আয়োজিত চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। বান্দরবান পার্বত্য জেলা পুলিশের আয়োজনে জেলার বিভিন্ন থানার খেলোয়াড়রা এতে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শারীরিক ও মানসিক সক্ষমতার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে।
তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পুলিশ সুপার আরও বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা বাড়ানোর পাশাপাশি খেলাধুলাকে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধের কার্যকর মাধ্যম হিসেবে কাজে লাগানো হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা, সহকারী পুলিশ সুপার (রুমা সার্কেল) তাসলিম হুসাইন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মো. আব্দুর রহিম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, খেলোয়াড় ও দর্শকরা উপস্থিত ছিলেন।







