সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ঢাকায় গ্রেপ্তার

গুলশানের বাসা থেকে ডিবির হাতে আটক; সন্দ্বীপ থানার একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি

টুইট ডেস্ক: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিবি গুলশান বিভাগের উপকমিশনার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাহফুজুর রহমান মিতা সন্দ্বীপ থানায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত হন।

এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৯–১০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছিল।

সূত্র: ডিবি পুলিশ