গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত অনেকে

ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ অনেকে, আহত অন্তত ২৫; ঝুঁকিপূর্ণ ভবন ধসে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যু
টুইট ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভবনটি ধসে পড়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ ও আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ভবন ধসে গাজায় এ পর্যন্ত মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ছয় ফিলিস্তিনি নিহত এবং ৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সহিংসতায় গাজায় ১ হাজার ৩৮১ জন নিহত ও ৪ হাজার ৭৫৭ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৭৯৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮৬৯ জন।






