একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

সাতটি নতুন ও পাঁচটি সংশোধিত প্রকল্পে সরকারি অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি টাকা, প্রকল্প ঋণ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি
টুইট ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরা হয়।
অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৭ কোটি ৭১ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাঁচটি রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। এগুলো হলো ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের লাইন-৫ দক্ষিণ রুট, রাজশাহী সড়ক জোনের জেলা মহাসড়ক উন্নয়ন, চট্টগ্রাম সড়ক জোনের জেলা মহাসড়ক উন্নয়ন, লাইন-৫ উত্তর রুটের প্রথম সংশোধন এবং ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের লাইন-১-এর প্রথম সংশোধন।
রেলপথ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পও অনুমোদন পেয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর অংশে বৈদ্যুতিক ট্রেন চলাচল চালু এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন দ্বৈতগেজ রেলপথ নির্মাণ প্রকল্প রয়েছে।
এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরিশাল সেনানিবাস স্থাপন প্রকল্পের দ্বিতীয় পর্যায় এবং খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসনসহ অবকাঠামো নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের টেক্সটাইল ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়ন প্রকল্পও অনুমোদন পেয়েছে।
অন্যদিকে খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন ও সম্প্রসারণের সংশোধিত প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৫টি প্রকল্প একনেক সভায় অবহিত করা হয়। এসব প্রকল্প পরিকল্পনামন্ত্রীর নিজস্ব ক্ষমতাবলে অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ, ভাসানচরে সবুজ বেষ্টনী প্রতিষ্ঠা ও কক্সবাজারে রোহিঙ্গা প্রভাবিত এলাকায় পুনর্বনায়ন, দেশি মুরগি গবেষণা ও উন্নয়ন এবং অর্থনৈতিক অঞ্চলগুলোতে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প রয়েছে।
এ ছাড়া রংপুর অঞ্চলের ঝুঁকিপূর্ণ বেইলি ও অন্যান্য সেতু প্রতিস্থাপন, আরডিএ ভবনের পঞ্চম থেকে দশম তলা নির্মাণ, সিলেট বিভাগে বন্যা পূর্বাভাসের জন্য ত্রিমাত্রিক মডেল প্রস্তুত, বরগুনা ও দিনাজপুর জেলা স্টেডিয়ামের উন্নয়ন এবং সিলেট-১০ অনুসন্ধান কূপ খননসহ আরও কয়েকটি প্রকল্পের অগ্রগতি ও অনুমোদনের বিষয় একনেককে অবহিত করা হয়।






