সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে নওগাঁ পুনাকের প্রশংসনীয় উদ্যোগ

বৃক্ষরোপণের পাশাপাশি পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত।
নিজস্ব প্রতিবেদক: সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরিতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নওগাঁ। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি মিসেস শামীম আরা হক ও ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শনিবার (৫ সেপ্টেম্বর) নওগাঁ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পুনাক, নওগাঁর এ সমন্বিত উদ্যোগ শুধু বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও জীববৈচিত্র্যসমৃদ্ধ পরিবেশ গড়ে তোলার ইতিবাচক বার্তা বহন করছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের সম্মানিত উপদেষ্টা ও রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের (ডিআইজি) সহধর্মিণী মিসেস শামীম আরা হক। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নওগাঁর সহধর্মিণী ও পুনাক, সভানেত্রী ডাঃ মোসাঃ আমিনা ফেরদৌস।
কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি মিসেস শামীম আরা হক ও ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ পুলিশ লাইন্স কম্পাউন্ডে পৃথকভাবে দুটি গাছের চারা রোপণ করেন। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে রোপণ করা চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি মিসেস শামীম আরা হক ও ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ।
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও জলজ সম্পদ সংরক্ষণ—দুই ক্ষেত্রেই একসঙ্গে কার্যকর উদ্যোগ নেওয়ায় কর্মসূচিটি বিশেষ তাৎপর্য বহন করে। এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব ও সবুজ পুলিশ লাইন্স গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কর্মসূচিতে পুলিশ সুপার, নওগাঁ মহোদয়, পুনাক, নওগাঁর সম্মানিত সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








