রাজশাহীতে ট্রাফিক পুলিশের কঠোর অভিযান, ৪৪ যানবাহন আটক

রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, ৯১ মামলা।

রাজশাহী প্রতি‌নি‌ধি: সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিত এবং আইন লঙ্ঘন প্রতিরোধে রাজশাহীতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৯১টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ৪৪টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশের অভিযানে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয়। আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরএমপি জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশ নগরবাসীকে সড়ক পরিবহন আইন মেনে চলার পাশাপাশি ট্রাফিক আইন অনুসরণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।