‘রাষ্ট্রপতি নন, তিনি সবসময়ই আমার আব্বু, আমার নায়ক’

ঠাকুরগাঁও সফর ঘিরে রাষ্ট্রপতিকন্যা শামারুহ মির্জার আবেগঘন বার্তা
টুইট ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক পোস্টে বাবাকে নিয়ে অনুভূতি প্রকাশ করেন তিনি। সেখানে রাষ্ট্রীয় পদমর্যাদার চেয়ে বাবার পরিচয়ই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান রাষ্ট্রপতিকন্যা।
পোস্টে শামারুহ মির্জা লেখেন, ‘আজ আব্বু ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।’
তিনি আরও লেখেন, ‘কদিন আগে এক প্রতিবেদক আমাকে জিজ্ঞেস করল, হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার?’
এর জবাবে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!’
বাবার ঠাকুরগাঁও সফর ঘিরে দেওয়া ওই পোস্টের সঙ্গে বাবা-মেয়ের স্মৃতিচারণমূলক দুটি পুরোনো ছবিও প্রকাশ করেন শামারুহ মির্জা।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কাড়ে। রাষ্ট্রীয় পরিচয়ের বাইরে বাবা-মেয়ের ব্যক্তিগত সম্পর্ক, ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ নিয়ে অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানান।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো রোববার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের এ সফরে তিনি মা-বাবার কবর জিয়ারত করবেন এবং নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।






