দুই দিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজ জেলা সফর ঘিরে উৎসবের আমেজ, গণসংবর্ধনায় যোগ দেবেন; সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
টুইট ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর কথা রয়েছে তার। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে ঠাকুরগাঁও শহরজুড়ে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। প্রধান সড়ক, সড়কদ্বীপ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নতুন করে রং করা হয়েছে। বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। শোভা পাচ্ছে ব্যানার ও ফেস্টুনও।
সফরের প্রথম দিন রোববার সকালে ঠাকুরগাঁও পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে শহরের গোয়ালপাড়া সেনুয়া কবরস্থানে তার মা-বাবার কবর জিয়ারত করবেন। পরে বিকেলে জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। এরপর বিকেলে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তার।
গত ২০ আগস্ট সংসদ সদস্যদের সর্বসম্মত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর।
রাষ্ট্রপতির আগমন ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পাশাপাশি জেলার শিক্ষা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন নাগরিক প্রত্যাশার কথাও সামনে এসেছে। দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলোর সমাধানে রাষ্ট্রপতি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছেন স্থানীয়রা।
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবির বলেন, প্রিয় ব্যক্তিত্বকে বরণ করতে দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। পুলিশ সূত্রে জানা গেছে, ৫ সেপ্টেম্বর থেকেই বিশেষ নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।






