মন্ত্রিসভা পুনর্গঠনে প্রধানমন্ত্রীর নতুন কৌশল: সামনে আরও পরিবর্তনের সম্ভাবনা

ছয় মাসের কর্মমূল্যায়নের ধারাবাহিকতায় দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে দায়িত্ব পুনর্বণ্টন, প্রয়োজনে আরও মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত করার ইঙ্গিত।
টু্ইট প্রতিবেদক: সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথম দফা রদবদলকে শুধু দপ্তর পুনর্বণ্টন নয়, বরং সরকারের কার্যক্রমে নতুন গতি ও দক্ষতা আনার উদ্যোগ হিসেবে দেখছেন সরকারসংশ্লিষ্টরা। তাঁদের মতে, পরিবর্তিত বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে দায়িত্ব পুনর্বিন্যাস এবং যোগ্য ব্যক্তিদের নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মাধ্যমে সরকারকে আরও কার্যকর করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, রাষ্ট্র পরিচালনায় একই কাঠামো ধরে রাখার পরিবর্তে প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভায় পরিবর্তন আনার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতারই বহিঃপ্রকাশ। ছয় মাসের কার্যক্রম পর্যবেক্ষণের পর কোথায় কী ধরনের পরিবর্তন প্রয়োজন, সেটি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে দায়িত্ব পুনর্বণ্টনের উদ্যোগ নেওয়া হলে সরকারের কাজের গতি আরও বাড়তে পারে।
সাম্প্রতিক রদবদলে চারজন নতুন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। একজন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে। পাশাপাশি একজন মন্ত্রীর দপ্তর পরিবর্তন এবং আরেকজনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপনেও নতুন নিয়োগ ও দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দক্ষতা বাড়ানোর কৌশল
সরকারের কার্যক্রমে গতি আনতে দায়িত্বের সঠিক বণ্টন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব একজনের হাতে থাকলে সিদ্ধান্ত গ্রহণ ও প্রশাসনিক তদারকিতে চাপ তৈরি হতে পারে। সে কারণে প্রয়োজন অনুযায়ী দায়িত্ব ভাগ করে দেওয়া হলে মন্ত্রণালয়গুলোর দৈনন্দিন কার্যক্রমে গতি আসতে পারে।
সাম্প্রতিক পরিবর্তনের পর সরকারের পক্ষ থেকেও ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভা পুনর্গঠনের ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নির্দিষ্ট সময় পর মন্ত্রিসভার কার্যক্রম মূল্যায়ন করা হবে এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা হতে পারে।
এ থেকে ধারণা করা হচ্ছে, মন্ত্রিসভা পরিচালনায় স্থায়ী কোনো কাঠামোর পরিবর্তে কর্মদক্ষতা ও প্রয়োজনের ভিত্তিতে দায়িত্ব পুনর্বিন্যাসের একটি ধারাবাহিক পদ্ধতি তৈরি করতে চায় সরকার।
নতুন পদ্ধতিতে নতুন পথ
সরকারের দক্ষতা শুধু মন্ত্রী পরিবর্তনের ওপর নির্ভর করে না; বরং সিদ্ধান্ত বাস্তবায়ন, প্রশাসনিক সমন্বয়, জবাবদিহি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সক্ষমতার ওপরও নির্ভর করে। মন্ত্রিসভা পুনর্গঠনের সঙ্গে যদি এসব ক্ষেত্রে নতুন কর্মপদ্ধতি চালু করা যায়, তাহলে সরকারের কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসতে পারে।
বিশেষ করে অর্থনীতি, স্থানীয় সরকার, খাদ্য, পররাষ্ট্র, তথ্য, ধর্ম ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বিন্যাসের ফলে সংশ্লিষ্ট খাতগুলোতে নতুন নেতৃত্বের মাধ্যমে ভিন্ন ধরনের কর্মপরিকল্পনা আসার সুযোগ তৈরি হয়েছে।
সরকারসংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার যদি নিয়মিতভাবে মন্ত্রণালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করে এবং ফলাফলের ভিত্তিতে দায়িত্ব পুনর্বণ্টন করে, তাহলে প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নের গতিও বাড়তে পারে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বের পরীক্ষা
মন্ত্রিসভা পুনর্গঠনকে অনেকেই প্রধানমন্ত্রীর নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবেও দেখছেন। কারণ, মন্ত্রী পরিবর্তন বা দপ্তর পুনর্বণ্টনের চেয়ে বড় বিষয় হলো—নতুন দায়িত্বপ্রাপ্তরা কতটা দ্রুত কাজের ফল দেখাতে পারেন এবং সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন।
সরকারের পক্ষ থেকে এটিকে নিয়মিত মূল্যায়ন ও প্রয়োজন অনুযায়ী পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হলেও রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী একটি বার্তা দিয়েছেন—সরকারের কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি না এলে দায়িত্বের কাঠামো পরিবর্তন করা হবে।
এমন একটি কর্মদক্ষতাভিত্তিক পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে মন্ত্রিসভা শুধু রাজনৈতিক প্রতিনিধিত্বের কাঠামো না হয়ে রাষ্ট্র পরিচালনার কার্যকর ব্যবস্থাপনা কাঠামো হিসেবেও আরও শক্তিশালী হতে পারে।
সামনে আরও পরিবর্তনের সম্ভাবনা
সাম্প্রতিক রদবদলের পরই মন্ত্রিসভায় আরও পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়া এবং নতুন করে কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করার সম্ভাবনার কথাও বিভিন্ন প্রতিবেদনে এসেছে।
ফলে এবারের রদবদলকে চূড়ান্ত কাঠামো হিসেবে না দেখে সরকারের ছয় মাসের কর্মমূল্যায়নের একটি ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টদের কেউ কেউ। সামনে আরও পরিবর্তন এলে সেটি সরকারের কর্মদক্ষতা বাড়ানোর ধারাবাহিক পরিকল্পনার অংশ কি না, তা নির্ভর করবে নতুন দায়িত্বপ্রাপ্তদের কার্যক্রম ও সরকারের সামগ্রিক কর্মফলের ওপর।
সব মিলিয়ে মন্ত্রিসভা পুনর্গঠনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি দক্ষতা, জবাবদিহি ও দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নকে সরকারের মূল কর্মপদ্ধতিতে পরিণত করতে পারেন, তাহলে এই পরিবর্তন দেশের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে। আর সেই নতুন পদ্ধতিই বাংলাদেশকে উন্নয়ন ও সুশাসনের আরও কার্যকর পথে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করতে পারে।






