বান্দরবান জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির বিশাল আনন্দ মিছিল

টুইট ডেস্ক: বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে মাম্যাচিংকে নিয়োগ দেওয়ায় জেলা শহরে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

রোববার (২৩ আগস্ট) দুপুরে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলে অংশ নেন হাজারো নেতা-কর্মী। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় মুক্ত মঞ্চ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় রাজপথ মুখরিত হয় বিভিন্ন স্লোগানে।

মিছিলে অংশগ্রহণকারীরা এই নিয়োগের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, অভিজ্ঞ রাজনীতিক মাম্যাচিংকে দায়িত্ব দেওয়ায় পাহাড়ে উন্নয়নের নতুন গতি সঞ্চার হবে।

কে এই মাম্যাচিং?

এর আগে ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মাম্যাচিংকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। নতুন এই পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি আরও ১৪ জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মাম্যাচিং এর আগেও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের* দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জেলা বিএনপির সভাপতি হিসেবেও মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।