ঢাকার আরও ৫০ সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক শৃঙ্খলায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থার বিস্তার
টুইট ডেস্ক: ঢাকার সড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে আরও ৫০টি ট্রাফিক সিগন্যাল পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। নতুন এসব সিগন্যালের মধ্যে ২৮টি ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ২২টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় স্থাপন করা হবে।
এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে ঢাকার ১৩টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে পরীক্ষামূলকভাবে সেমি-অটোমেটেড ও এআই নিয়ন্ত্রিত ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। বুয়েটের তত্ত্বাবধানে তৈরি এ প্রযুক্তি যানবাহনের চাপ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সিগন্যালের সময় নির্ধারণ করতে সক্ষম।
সম্পূর্ণ অটোমেটেড ব্যবস্থায় সিগন্যাল পরিচালনার জন্য আলাদা অপারেটরের প্রয়োজন হবে না। তবে প্রয়োজন হলে ট্রাফিক পুলিশের সদস্যরা হাতে থাকা ট্যাবের মাধ্যমে সিগন্যাল পরিবর্তন করতে পারবেন।
সংশ্লিষ্টরা বলছেন, এআই সিগন্যাল চালুর ফলে চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়ছে। মামলা বা আইনগত ব্যবস্থার আশঙ্কায় অনেক চালক আগের তুলনায় সিগন্যাল মানতে বেশি সতর্ক হচ্ছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও পুরনো অভ্যাস থেকে মানুষকে শৃঙ্খলার মধ্যে আনা সহজ নয়। তবে প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
তবে মাঠপর্যায়ে কিছু সমস্যার কথাও জানিয়েছেন ট্রাফিক কর্মকর্তারা। ফুটপাত দখল, যত্রতত্র রাস্তা পারাপার এবং ফিটনেসবিহীন ও ব্যাটারিচালিত রিকশার কারণে অনেক সময় এআই সিগন্যাল ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত হচ্ছে।
প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাকে সার্বক্ষণিক সচল রাখতে নতুন লোকবল নিয়োগের পাশাপাশি ‘ট্রাফিক টেকনিক্যাল ইউনিট’ নামে একটি বিশেষায়িত ইউনিট গড়ে তোলা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, নতুন ৫০টি পয়েন্টে এআই সিগন্যাল চালু হলে ঢাকার সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় আরও গতি ও শৃঙ্খলা ফিরবে।






