গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০

টুইট ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির পর ময়লার ভাগাড়ের বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।
রোববার (২৩ আগস্ট) গভীর রাতে কোনাক্রির গবেসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ২টার দিকে বর্জ্যের বিশাল স্তূপ ধসে আশপাশের তাঁবু ও ঝুপড়িঘর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই বহু মানুষ হতাহত হন।
গিনি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। আরও ১৬ জন আহত হলেও তাদের অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল বলে জানানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। খননযন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে ধসে পড়া বর্জ্যের স্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বর্জ্যের স্তূপ এত বড় আকারে ধসে পড়ে যে আশপাশের আরও স্থাপনা চাপা পড়ার আশঙ্কা তৈরি হয়।
ঘটনায় স্বজন হারিয়ে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাইরে দিয়ালো নামে এক নারী সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় তিনি তাঁর পাঁচ সন্তানকেই হারিয়েছেন।
দুর্ঘটনার মাত্র কয়েক দিন আগে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ওই ভাগাড়টি বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছিল গিনি সরকার। কর্তৃপক্ষ কোনাক্রির বাইরে বর্জ্য সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিল। এর মধ্যেই ভয়াবহ এই দুর্ঘটনা দেশটির বর্জ্য ব্যবস্থাপনা ও নগর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারকাজ তদারক করেছেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ। তিনি স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি উদ্ধারকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
বর্ষাকালে পশ্চিম আফ্রিকার ঘনবসতিপূর্ণ ও অনুন্নত শহরগুলোতে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বেড়ে যায়। এবার ভারী বৃষ্টির মধ্যে কোনাক্রির এই বর্জ্যধস সেই ঝুঁকিকেই আরও স্পষ্ট করে তুলেছে।






