জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

২১ সেপ্টেম্বর নিউইয়র্ক সফরের সম্ভাবনা, সানফ্রান্সিসকোতে প্রবাসীদের সঙ্গেও মতবিনিময়ের কথা
টুইট ডেস্ক: মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন। এরপর তার সানফ্রান্সিসকো যাওয়ারও কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের এই সফরকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়াও চলছে। এ বিষয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে নোট ভার্বাল পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে সফরের বিষয়টি জানানো হয়েছে।
সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের মূল পর্বের পাশাপাশি সাইডলাইনে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সানফ্রান্সিসকো সফরের সময় সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তার দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা চলছিল। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন, ভারত সফরের বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।






