বাগমারায় যানজট নিরসনে নতুন মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন

নির্ধারিত স্থানে গাড়ি রাখায় কমবে সড়কে যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা

রাজশাহী (বাগমারা) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন মাইক্রোবাস, জিপগাড়ি ও কার স্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) উপজেলার পুরাতন বেইলি ব্রিজসংলগ্ন এলাকায় এ স্ট্যান্ডের উদ্বোধন করা হয়।

নতুন স্ট্যান্ড চালু হওয়ায় ভবানীগঞ্জ উপজেলা সদর এলাকায় যত্রতত্র মাইক্রোবাস, জিপ ও কার পার্কিং এবং সড়কের ওপর যাত্রী ওঠানামার প্রবণতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে ব্যস্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি পথচারী ও সাধারণ যাত্রীদের ভোগান্তিও কমবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম।

বাগমারা উপজেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান এবং বাগমারা উপজেলা মাইক্রোবাস সমিতির সভাপতি মামুনুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, জিল্লুর রহমান, রাজশাহী জেলা মাইক্রোবাস ও কার শ্রমিক ইউনিয়নের সহসভাপতি খান জাহান আলী, সড়ক সম্পাদক জিন্না সূর্য, সদস্য সেলিম হোসেনসহ পরিবহন শ্রমিক ও চালকেরা।

সংশ্লিষ্টরা জানান, ভবানীগঞ্জ উপজেলা সদরকে যানজটমুক্ত ও জনবান্ধব রাখতে নির্ধারিত স্থানে মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে। ফলে সড়কের ওপর যেখানে-সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখা এবং অনিয়ন্ত্রিতভাবে যাত্রী ওঠানামার প্রবণতা কমবে।

তাঁরা আশা করছেন, নতুন স্ট্যান্ডটি কার্যকরভাবে পরিচালনা করা গেলে ভবানীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট অনেকটাই কমে আসবে। একই সঙ্গে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচল নিশ্চিত হবে।