পাবনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত

পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

টুইট প্রতিবেদক: পাবনা সদর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নয়ন মিয়া (২০) ও সেলিম মাহমুদ (৪০) নামে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে। অপর নিহত সেলিম মাহমুদ মৃত মোজাফফর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুর সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নয়ন ও সেলিমকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।