মোহাম্মদপুরে কেন্তা ফিরোজ গ্রেপ্তার

হত্যাসহ সাত মামলার আসামি ও কিশোর গ্যাং নেতা ফিরোজকে রাজধানীর ফিউচার মডেল টাউন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টুইট প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে হত্যা মামলাসহ সাতটি মামলার আসামি ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজ’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ফিউচার মডেল টাউনের ৫ নম্বর সড়কে আলমের গ্যারেজের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা। তিনি জানান, কেন্তা ফিরোজের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিভিন্ন অপরাধে মোট সাতটি মামলা রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফিরোজের বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর দায়ের করা একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। একই বছরের ২৭ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়।
এ ছাড়া, ২০২৫ সালের ২৯ অক্টোবর মারামারি, অনধিকার প্রবেশ, চুরি ও চাঁদাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের মে মাসে মারামারি, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এবং একই বছরের মার্চে মারামারি, হত্যাচেষ্টা, গুরুতর জখম ও চুরির অভিযোগে তাঁর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়।
এ ছাড়া, ২০১৮ সালের মার্চ ও ২০১৯ সালের মে মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।
হত্যাসহ একাধিক মামলায় অভিযুক্ত কেন্তা ফিরোজের গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলবে।






