ভৌগোলিক সীমারেখায় আটকে আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ

সনদের শর্ত পূরণ না করায় বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনিকে অন্তর্ভুক্তির সুযোগ নেই বলে জানাল আসিয়ান

টুইট ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্য হওয়ার সম্ভাবনা আপাতত নেই। জোটের সনদ অনুযায়ী নির্ধারিত ভৌগোলিক শর্ত পূরণ না করায় বাংলাদেশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছে আসিয়ান কর্তৃপক্ষ। একই কারণে পাপুয়া নিউ গিনিও সদস্যপদ পাচ্ছে না।

ইন্দোনেশিয়াভিত্তিক সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আসিয়ানের মহাসচিব কাও কিম হর্ন সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ১০ম আসিয়ান মিডিয়া ফোরামে বলেন, পূর্ব তিমুরই এই জোটের সর্বশেষ নতুন সদস্য। বর্তমানে জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, আসিয়ান সনদ অনুযায়ী কেবল দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বীকৃত ভৌগোলিক অঞ্চলের দেশগুলোই সদস্য হতে পারে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এবং পাপুয়া নিউ গিনি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত হওয়ায় বর্তমান নিয়মে তাদের সদস্য হওয়ার সুযোগ নেই।

আসিয়ান সনদে নতুন সদস্য গ্রহণের অন্যতম প্রধান শর্ত হলো, আবেদনকারী দেশকে অবশ্যই দক্ষিণ-পূর্ব এশিয়ার ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত হতে হবে। এই শর্ত পরিবর্তন করতে হলে জোটের সব সদস্য দেশের সর্বসম্মত অনুমোদনের মাধ্যমে সনদ সংশোধন করতে হবে।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে আসিয়ানের সদস্যপদ পাওয়ার জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে। গত বছর মালয়েশিয়ার সভাপতিত্বকালেও এ বিষয়ে সক্রিয় প্রচেষ্টা চালায় ঢাকা। অন্যদিকে পাপুয়া নিউ গিনির সদস্যপদের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

তবে আসিয়ান মহাসচিব স্পষ্ট করেছেন, সনদ সংশোধন ছাড়া বাংলাদেশ বা পাপুয়া নিউ গিনির সদস্য হওয়ার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, দীর্ঘ এক দশকেরও বেশি সময় প্রচেষ্টার পর পূর্ব তিমুর ২০২৫ সালে আসিয়ানের ১১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। অন্যদিকে ১৯৭৬ সাল থেকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে বিভিন্ন কার্যক্রমে অংশ নিলেও পাপুয়া নিউ গিনি এখনো পূর্ণ সদস্যপদ অর্জন করতে পারেনি।