ঋতুপর্ণার ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

ঋতুপর্ণার ঘর উপহার। জাতীয় নারী ফুটবল তারকার বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা।

টুইট ডেস্ক: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম উজ্জ্বল তারকা ঋতুপর্ণা চাকমা-র জন্য বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেছেন তারেক রহমান।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, পার্বত্যাঞ্চলের সাধারণ পরিবার থেকে উঠে আসা ঋতুপর্ণার দীর্ঘদিনের একটি স্থায়ী বাসস্থানের স্বপ্ন বাস্তবায়নে এই সহায়তা দেওয়া হয়েছে। গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ অনুদান হিসেবে প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম সফল মুখ। তিনি ২০২২ ও ২০২৪ সালের SAFF Women’s Championship জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের জায়গা করে নেওয়ার অভিযানে তার অবদান ছিল উল্লেখযোগ্য।

এর আগে ২০২৫ সালে ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার সময়ও ঋতুপর্ণার পরিবারের পাশে দাঁড়ানো হয়েছিল। এবার স্থায়ী আবাসন নির্মাণে সহায়তা দেওয়াকে ক্রীড়াবান্ধব উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, জাতীয় দলের খেলোয়াড়দের কল্যাণে এ ধরনের সরাসরি সহায়তা শুধু একজন ক্রীড়াবিদকে নয়, দেশের ক্রীড়াঙ্গনকেও ইতিবাচক বার্তা দেয়। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের জন্য এটি অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকতে পারে।