২৪ ঘণ্টায় ৮ পুশইন অপচেষ্টা প্রতিহত করল বিজিবি

সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা, বিএসএফের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ চেষ্টার অভিযোগ
টুইট ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সহায়তায় অবৈধভাবে পুশইনের অন্তত আটটি পৃথক অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৬ জুন) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তে বিজিবির কঠোর অবস্থান ও তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে এসব অনুপ্রবেশ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন যাদবপুর সীমান্ত দিয়ে তিন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল শূন্যরেখায় অবস্থান নিয়ে তাদের বাধা দেয়। পরে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
একই সময়ে নওগাঁর করমুডাঙ্গা সীমান্ত এলাকায় ১৭ জনকে এবং লালমনিরহাটের তিস্তা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়। তবে বিজিবির দ্রুত প্রতিরোধের মুখে তাদের অনুপ্রবেশ ব্যর্থ হয়।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) দায়িত্বপূর্ণ দিঘলটারী সীমান্তে সাতজন এবং দুর্গাপুর সীমান্তে আরও চারজনকে পুশইনের অপচেষ্টা চালানো হয়। বিজিবি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের প্রবেশ ঠেকিয়ে দেয়। বর্তমানে ওই ব্যক্তিরা ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারবিহীন চর এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে পঞ্চগড়ের বড়বাড়ী প্রধানপাড়া সীমান্ত এলাকায় ১০ জন ব্যক্তিকে কাঁটাতারের বাইরে এনে অবস্থান করানো হলে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ তাদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করলেও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
অন্যদিকে নেত্রকোনার কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যে পূর্বে জড়ো করে রাখা ১৬ থেকে ১৭ জন ব্যক্তিকে বিজিবির কঠোর অবস্থানের কারণে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সীমান্তজুড়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন, বিদ্যমান বিধিবিধান এবং বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থি কোনো ধরনের পুশইন প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি সর্বদা প্রস্তুত রয়েছে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ বাড়লেও বিজিবির দাবি, যেকোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মাঠপর্যায়ে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।






