জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান

টুইট ডেস্ক: ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি।
গত ২ জুন বাংলাদেশ সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন আন্দ্রেজ কাকাউরিস। তিনি পান ৯১ ভোট। ফলে ৮ ভোটের ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
চার দশক পর আবারও এই মর্যাদাপূর্ণ পদ পেল বাংলাদেশ। এর আগে ১৯৮৬-৮৭ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
আগামী ৮ সেপ্টেম্বর ৮১তম অধিবেশন শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। ড. খলিলুর রহমান এক বছরের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদটি প্রতি বছর পরিবর্তিত হয় এবং পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে আবর্তিত হয়। সদস্য রাষ্ট্রগুলোর সরাসরি ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি দেশের একটি করে ভোট থাকে।






