দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন মীর শাহে আলম

বাজেটে বরাদ্দ এলেই নির্বাচন সূচি নিয়ে সিদ্ধান্ত, গাফিলতিতে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

টুইট ডেস্ক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন বাজেটে নির্বাচনসংক্রান্ত বরাদ্দ অনুমোদনের পর আগামী জুলাই-আগস্ট থেকেই কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে। বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ এলেই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সময়সূচি নির্ধারণ করা হবে।”

রাজধানীর লেকগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ঢাকা ওয়াসা গুলশান, বনানী ও হাতিরঝিল এলাকার লেক পরিষ্কারে কাজ করছে। বিশেষ করে হাতিরঝিল লেকের দূষণ নিয়ন্ত্রণে কার্যক্রম চলমান থাকলেও সেখানে স্যুয়ারেজ লাইনের জটিলতা থাকায় পুরো কাজ শেষ হতে সময় লাগবে।

তিনি আরও বলেন, ঈদের পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে নগর ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। কোথায় কী ধরনের অব্যবস্থাপনা রয়েছে, তা সরেজমিনে দেখেছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, “প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন—যেখানে দায়িত্বে অবহেলা বা কাজের গাফিলতি পাওয়া যাবে, সেখানে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

তিনি বলেন, ইতোমধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

নগর ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনে সরকার আরও কঠোর অবস্থানে যাচ্ছে বলেও ইঙ্গিত দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।