ফ্রিল্যান্সারদের ওপর ৭.৫ শতাংশ ভ্যাট নয়, আশ্বাস প্রধানমন্ত্রীর

ডিজিটাল অর্থনীতিতে তরুণদের উৎসাহ দিতেই কর আরোপের পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত
টুইট ডেস্ক: দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট বা কর আরোপ করা হচ্ছে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা জুয়েল রানার সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন বলে জানা গেছে।
সোমবার (১ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের ডিজিটাল অর্থনীতিতে সম্পৃক্ত করতে সরকার উৎসাহমূলক নীতি গ্রহণ করতে চায়। এ খাতে অতিরিক্ত করের চাপ সৃষ্টি করার কোনো পরিকল্পনা নেই বলেও ইঙ্গিত দেন তিনি।
বৈঠক শেষে একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জুয়েল রানা জানান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর ৭.৫ শতাংশ ভ্যাট আরোপের গুঞ্জন নিয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
জুয়েল রানার ভাষ্য অনুযায়ী, বিষয়টি শোনার পর প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে খোঁজ নেওয়ার নির্দেশ দেন এবং বলেন, “এ ধরনের কিছু হতে দেওয়া যাবে না। আমি চাই দেশের তরুণরা ডিজিটাল মার্কেটিং ও বৈশ্বিক কর্মক্ষেত্রে আরও বেশি যুক্ত হোক। তারা বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসছে, সেটাই গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেছেন, “ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর এ ধরনের ভ্যাট কার্যকর হবে না। আপনারা নিশ্চিন্তে কাজ চালিয়ে যান।”
প্রধানমন্ত্রী বৈঠকে ফ্রিল্যান্সারদের অর্থনীতিতে অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণ এখন বৈধ উপায়ে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, যা জাতীয় অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। তাই এ খাতে নীতিগত সহায়তা অব্যাহত রাখা হবে।
এদিকে জুয়েল রানা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ফ্রিল্যান্সাররা দেশের বাইরে থেকে বৈধ পথে অর্থ এনে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। তাদের প্রতি সহায়ক মনোভাব রাখা রাষ্ট্রের দায়িত্ব।
উল্লেখ্য, জুয়েল রানার প্রতিষ্ঠিত ‘চিত্ত মিডিয়া’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। কৃষি, প্রকৃতি, সাহিত্য ও গ্রামীণ জীবনভিত্তিক বিষয়বস্তু নির্মাণের মাধ্যমে তার পেজটির অনুসারীর সংখ্যা ইতোমধ্যে ৪৩ লাখ অতিক্রম করেছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয় বা সরকারের উচ্চপর্যায় থেকে আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন বা লিখিত ঘোষণা প্রকাশ করা হয়নি।






