সহসাই মিলছে না স্বস্তি, বিভিন্ন অঞ্চলে অব্যাহত মৃদু তাপপ্রবাহ

 

কিছু এলাকায় বৃষ্টি হলেও বাড়ছে না স্বস্তি, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত

টুইট ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ আপাতত কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বেশিরভাগ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তবে দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নরসিংদীতে, ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের কুতুবদিয়ায়, ৩৬ মিলিমিটার।

ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।