মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলায় বিতর্কে ফেনী জেলা পরিষদের প্রশাসক

বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

টুইট ডেস্ক: ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক আবারও বিতর্কে জড়িয়েছেন। এবার বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু–কে “প্রিয় নবী” বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

গত শনিবার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন এম এ খালেক।

বক্তব্যে তিনি বলেন, “অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আমার, আপনার, সবার প্রিয় নবী, প্রিয় মানুষ।”

তার এ বক্তব্যের পর অনুষ্ঠানস্থলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। উপস্থিত অনেকেই এটিকে “অযোগ্যতার বহিঃপ্রকাশ” বলে মন্তব্য করেন। পরে বক্তব্যটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আলেম বলেন, কোনো মানুষকে নবীর সঙ্গে তুলনা করা শিরকের পর্যায়ে পড়ে এবং এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে।

এদিকে দলীয় নেতাদের একাংশও এ ঘটনায় অস্বস্তি প্রকাশ করেছেন। বিএনপির একাধিক নেতা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, অধ্যাপক এম এ খালেক–এর বিভিন্ন বেফাঁস মন্তব্য ও কর্মকাণ্ডে দল বারবার বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে।

এর আগেও একাধিক ঘটনায় আলোচনায় এসেছিলেন তিনি। গত ১৬ এপ্রিল ফেনী সদর উপজেলার মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দিয়ে ভিআইপি প্রটোকল করানোর অভিযোগে সমালোচনার মুখে পড়েন।

এছাড়া গত বছরের ৭ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি বিএনপিকে “ফ্যাসিস্ট রাজনৈতিক দল” বলে মন্তব্য করেছিলেন। পরে ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন অধ্যাপক এম এ খালেক।