অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা, মন্ত্রিসভায় প্রথম বড় পরিবর্তনের ইঙ্গিত।

টুইট ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন দীপেন দেওয়ান।

সোমবার (১ জুন) সকালে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না কিংবা নতুন মন্ত্রী নিয়োগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

দীপেন দেওয়ান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর পাহাড়ি অঞ্চলের উন্নয়ন, শান্তি ও প্রশাসনিক সমন্বয় নিয়ে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতির বিষয়ে দলীয় ও সরকারি মহলে আলোচনা ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।