ঈদ শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মদিবস

মন্ত্রণালয় বৈঠক, শিল্প উন্নয়ন আলোচনা ও প্রশাসনিক সাক্ষাতে দিনভর কর্মসূচি
টুইট ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসেই সচিবালয়ে ফিরেছেন তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে সরকারি কার্যক্রম শুরু করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদ-পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে দিনভর একাধিক বৈঠক ও আলোচনা সভায় অংশ নিচ্ছেন সরকারপ্রধান।
সকালে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্থানীয় প্রশাসন, নাগরিক সেবা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এছাড়া দুপুর দেড়টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তরুণ সমাজের উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দুপুর ২টায় দেশের ওষুধশিল্প খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে করণীয় নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন তারেক রহমান। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দেশীয় ফার্মাসিউটিক্যাল শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী করতে সরকারের নীতিগত দিকনির্দেশনা আসতে পারে ওই বৈঠক থেকে।
ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসেই প্রধানমন্ত্রীর সচিবালয়ে উপস্থিতি প্রশাসনিক কর্মকাণ্ডে গতি ফেরানোর বার্তা হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।






