শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

দুস্থ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান।

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ছিল অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। সেই আদর্শকে ধারণ করেই দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ কার্যক্রম শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “শহীদ জিয়া আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিককে মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিতে হবে।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে এবং শহীদ জিয়ার আদর্শকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।