রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী

পতাকা অর্ধনমিত, দোয়া ও আলোচনা সভায় স্মরণ করা হয় শহীদ রাষ্ট্রপতির অবদান
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে তাঁকে।
শনিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একইসঙ্গে উত্তোলন করা হয় কালো পতাকা। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ইশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। এ সময় মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলীসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে এক অনন্য নাম। দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয়তাবাদী আদর্শ বিকাশে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।






