জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে বিএনপির আট দিনের কর্মসূচি ঘোষণা

কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি তুলে ধরলেন রিজভী
টুইট ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (২৯ মে) রাজধানীর নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (৩০ মে) ভোর ৬টায় নয়া পল্টনসহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। একই দিনে সকাল ১১টায় শেরেবাংলানগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে প্রধান কর্মসূচি পালন করা হবে।
এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র এবং সম্ভাব্য অস্থিতিশীলতা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। তিনি বলেন, সরকারের সমালোচনা করা যেতে পারে, তবে চক্রান্ত ও অস্থিতিশীল রাজনীতি দেশের জন্য ক্ষতিকর।
তিনি আরও দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা এবং অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।






