সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেন আসিফ মাহমুদ: প্রতিমন্ত্রী শাহে আলম

অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি, পিরোজপুরে ৬ হাজার কোটি টাকার প্রকল্পে প্রশ্ন।
টুইট ডেস্ক: সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদনের অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে। এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সরকার ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার অনিয়ম ও দুর্নীতি তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, পিরোজপুরে একটি উন্নয়ন প্রকল্পে টেন্ডার দেওয়ার পর কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এ অনিয়মের কারণে গত দুই বছর ধরে জেলার সব উন্নয়ন প্রকল্প স্থগিত রয়েছে। শিগগিরই সরেজমিন পরিদর্শনের মাধ্যমে বন্ধ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় সড়ক ও সেতু নির্মাণ প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করার ঘটনাকে গুরুতর অনিয়ম হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
সংশ্লিষ্টদের মতে, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সময়ে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।






