সিলেটে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

একদিনে নতুন মৃত্যু, মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৭

টুইট ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে এ রোগে আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে আরও ৭৪ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন।

শুক্রবার (২২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

মৃত পাঁচ শিশুর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, দুজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং একজন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৩ জন রোগী। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ল্যাব-নিশ্চিত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৮ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হামের রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের ক্ষেত্রে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে, বাকিদের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর চাপ বিবেচনায় চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে। হাসপাতালে ২০টি এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৪টি আইসিইউ বেড প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী বেড সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত টিকাদান কার্যক্রম ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।