বিশ্বকাপ মাতাতে টরন্টোয় নোরা ফাতেহি

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে থাকছে বৈশ্বিক তারকাদের ঝলক।

আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য এই জাঁকজমকপূর্ণ আয়োজনে বিশ্বের খ্যাতিমান শিল্পীদের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে তাকে।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ইউনাইটেড স্টেটস, মেক্সিকো ও কানাডা। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানগুলোর একটি হবে কানাডার টরন্টোতে, যেখানে বিশেষ আকর্ষণ হয়ে উঠছেন নোরা ফাতেহি।

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ১২ জুন মেক্সিকো সিটিতে শুরু হবে উদ্বোধনী আয়োজন। সেখানে পারফর্ম করবেন কলম্বিয়ান সংগীত তারকা জে ব্যালভিন, মেক্সিকান রক ব্যান্ড মানা এবং জনপ্রিয় শিল্পী আলেকজান্ডার ফার্নান্দেজ। পাশাপাশি থাকবেন ব্লেন্ডা, দিলা ডিনস, টাইলা ও লস অ্যাঞ্জেলেস আজুলেস।

এরপর ১৩ জুন টরন্টোতে অনুষ্ঠিত দ্বিতীয় উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন নোরা ফাতেহি। জন্ম ও বেড়ে ওঠা টরন্টোতেই হওয়ায় এই আয়োজনকে ঘিরে নোরার আবেগও বিশেষভাবে জড়িয়ে আছে। নিজ শহরে ফিফার মতো বৈশ্বিক মঞ্চে পারফর্ম করার সুযোগকে ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।

এর আগেও ২০২২ কাতার বিশ্বকাপে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছিলেন নোরা। এবারও ফিফার মঞ্চে তার উপস্থিতি প্রমাণ করছে, বিশ্ব বিনোদন অঙ্গনে তার জনপ্রিয়তা দিন দিন আরও বিস্তৃত হচ্ছে।

‘দিলবার’ ও ‘সাকি সাকি’ গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া নোরা এখন শুধু আইটেম গানে সীমাবদ্ধ নন। নৃত্য, মঞ্চ পরিবেশনা ও বৈশ্বিক বিনোদন অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করে তিনি হয়ে উঠেছেন আন্তর্জাতিক তারকা।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নোরার অংশগ্রহণের খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তার প্রাণবন্ত নাচ ও মঞ্চ মাতানো পরিবেশনা দেখতে এখন থেকেই মুখিয়ে রয়েছেন ফুটবল ও সংগীতপ্রেমীরা।