মা দিবসে ‘মা পদক’ পাচ্ছেন ববিতা

মাতৃত্বের স্বীকৃতিতে আবেগাপ্লুত ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী।
টুইট প্রতিবেদক: বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী ববিতা। চলতি বছর একুশে পদক ও ‘হুস হু’ সম্মাননার পর এবার তার ঝুলিতে যুক্ত হচ্ছে ‘মা পদক ২০২৬’।
আগামী ১০ মে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেবে আলী-রূপা ফাউন্ডেশন। বিশ্ব মা দিবসকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানদের মায়েদের বিশেষভাবে সম্মান জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, শুধু অভিনয়শিল্পী হিসেবেই নয়, ব্যক্তিজীবনেও একজন দায়িত্বশীল ও স্নেহময়ী মা হিসেবে ববিতার অবদান বিবেচনায় এনে তাকে এই পদকে ভূষিত করা হচ্ছে।
বিশেষ করে তার একমাত্র ছেলে অনিককে আদর্শিক ও শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়টিও মূল্যায়নে গুরুত্ব পেয়েছে।
এই স্বীকৃতি পেয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন ববিতা। তিনি বলেন, দীর্ঘ অভিনয়জীবনে বহু রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সম্মাননা অর্জন করলেও মা হিসেবে এমন স্বীকৃতি তার কাছে অন্যরকম অনুভূতির।
তার ভাষায়, একজন নারীর জীবনে মাতৃত্বই সবচেয়ে বড় সম্মান ও পরিপূর্ণতা।
এদিকে আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানেও আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেত্রী। ফলে ২০২৬ সালটি ববিতার সম্মাননা প্রাপ্তির এক বিশেষ অধ্যায়ে পরিণত হয়েছে।
উল্লেখ্য, ফরিদা আক্তার পপি নামেই জন্ম নেওয়া ববিতা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র।
সত্তরের দশক থেকে অভিনয়, সৌন্দর্য ও আবেগঘন চরিত্র উপস্থাপনার মাধ্যমে তিনি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি বাংলা সিনেমার এক অবিচ্ছেদ্য নাম হয়ে উঠেছেন।






