লাইফ সাপোর্টে কারিনা কায়সার

লিভার জটিলতা ও হেপাটাইটিসে সংকটাপন্ন অভিনেত্রী, দেশবাসীর দোয়া চাইলেন কায়সার হামিদ।
টুইট প্রতিবেদক: বিনোদন অঙ্গনের পরিচিত মুখ, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। লিভার জটিলতা ও হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করেন। পরে অবস্থার আরও অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রথমদিকে তার ফ্যাটি লিভারের সমস্যা থাকলেও নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণে অবহেলার কারণে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে বলে জানান তিনি।
কায়সার হামিদ বলেন, “ওর আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে সংক্রমণ দেখা দেয়। এর মধ্যে আবার হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হয়।
আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় লিভার ফেইলিউর হওয়ায় চিকিৎসকরা লাইফ সাপোর্টে নিতে বাধ্য হয়েছেন।”মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। তার ভাষায়, “সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”
ডিজিটাল বিনোদন অঙ্গনে পরিচিত মুখ কারিনা কায়সার অভিনয় ও চিত্রনাট্য রচনার মাধ্যমেও দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন।
বিশেষ করে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬ সিরিজে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাণেও তিনি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত।
কারিনার অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।






