দেশে ২৪ ঘণ্টায় হামে ৬ শিশুর মৃত্যু

উপসর্গ নিয়ে মৃত্যুও বাড়ছে, সতর্ক স্বাস্থ্য অধিদপ্তর।

টুইট ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দুজনের মৃত্যু সরাসরি হাম রোগে আক্রান্ত হয়ে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে হামের প্রকোপ বাড়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হিসেবে আরও ২৬৩ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে।

সংক্রমণের চিত্রও উদ্বেগজনক। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭২৬ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৭৯ জনে।

হাসপাতালভিত্তিক তথ্য বলছে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৩৬৮ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধযোগ্য এই রোগের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।