বর্ণাঢ্য নববর্ষে রমনা-প্রেসক্লাব এলাকা উৎসবমুখর

শোভাযাত্রা, লোকসংস্কৃতি ও চিরায়ত শিল্পধারার আয়োজনে মুখর দিনব্যাপী বৈশাখী উৎসব।
টুইট প্রতিবেদক: রাজধানী ঢাকায় বাংলা নববর্ষকে কেন্দ্র করে দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন করেছে জাতীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’।
বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা এবং লোকঐতিহ্যভিত্তিক মেলায় ভরে ওঠে প্রেসক্লাব থেকে রমনা পার্ক এলাকা।
মঙ্গলবার সকাল আটটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।
‘নববর্ষের নব স্বপ্নে, নব উদ্যমে জাগো’ স্লোগানকে ধারণ করে শোভাযাত্রাটি রমনা পার্কে গিয়ে শেষ হয়।
এতে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
শোভাযাত্রায় ছিল বাঙালি জীবনের নানা প্রতীক,নাটাই, ঘুড়ি, হাতপাখা, লাটিমসহ ঐতিহ্যবাহী উপকরণ। কৃষক, জেলে, কারিগরসহ গ্রামীণ জীবনের চিত্রও তুলে ধরা হয় শিল্পীদের সাজসজ্জায়।
জাতীয় পতাকা হাতে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শোভাযাত্রা রূপ নেয় উৎসবের প্রাণবন্ত এক মিলনমেলায়।
শোভাযাত্রা শেষে রমনা পার্কের বকুলতলায় অনুষ্ঠিত হয় মূল সাংস্কৃতিক পর্ব।
সকাল থেকে বিকেল পর্যন্ত চলে চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক সঙ্গীত, জারি-সারি, কবিতা আবৃত্তি, পুঁথিপাঠ ও নাট্য পরিবেশনা।
এতে অংশ নেয় দেশের একাধিক সাংস্কৃতিক সংগঠন, যারা লোকসংস্কৃতি ও আধুনিক সাংস্কৃতিক ধারার সমন্বয় ঘটায়।
আয়োজকরা জানান, নববর্ষের এ আয়োজনের মূল লক্ষ্য হলো বাঙালির লোকঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে আরও জীবন্ত করে তোলা।
তাদের মতে, বৈশাখ কেবল উৎসব নয়, এটি সাংস্কৃতিক চেতনা ও ঐতিহ্য সংরক্ষণেরও প্রতীক।
দিনব্যাপী এই আয়োজন ঢাকার সাংস্কৃতিক পরিমণ্ডলে এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে, যেখানে নগরজীবনের ব্যস্ততার মাঝেও প্রাণের টানে মানুষ একত্রিত হয় বাঙালির শেকড়ের সন্ধানে।





